ই-বাংলাদেশ ডেস্ক
সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানান, আপাতত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরা অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্বনির্ধারিত পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন।
তিনি বলেন, বন্যার কারণে যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেসব পরীক্ষার নতুন সময়সূচি নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর পৃথকভাবে প্রকাশ করা হবে।
এর আগে, বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম ২০২৬ সালের এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল।
স্থগিত হওয়া পরীক্ষার আওতায় ছিল চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরা। নতুন ঘোষণার ফলে এসব জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হলো।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাকি পরীক্ষাগুলো সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব পরীক্ষা বন্যার কারণে পিছিয়ে গেছে, সেগুলোর নতুন সূচি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে পরীক্ষার্থীদের শিক্ষাজীবনে অতিরিক্ত কোনো জটিলতা তৈরি না হয়।