• হোম > Following > ভক্তদের অপেক্ষার অবসান, ঢাকায় পৌঁছালেন আতিফ আসলাম

ভক্তদের অপেক্ষার অবসান, ঢাকায় পৌঁছালেন আতিফ আসলাম

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১৬:৫৯
  • ৪৯

---

ই-বাংলাদেশ ডেস্ক

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, শুক্রবার জমবে বহুল প্রতীক্ষিত কনসার্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান তিনি। বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে অংশ নিতেই তার এই বাংলাদেশ সফর।

আগামী শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রাতেই মঞ্চে পারফর্ম করবেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এই গায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিলের গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান শুরু থেকেই সেটিকে গুজব বলে উড়িয়ে দেয়। তারা নিশ্চিত করেছে, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই দর্শকদের সামনে হাজির হবেন আতিফ আসলাম।

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন আতিফ আসলাম। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে তেরে বিন, পেহলি নজর মে, তেরা হোনে লাগা হুঁ, তু জানে না এবং জিনে লাগা হুঁ।

দীর্ঘদিন পর বাংলাদেশে আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। দেশের বিভিন্ন জেলা থেকে সংগীতপ্রেমীরা কনসার্টে অংশ নিতে রাজধানীতে আসছেন বলে জানা গেছে।

আয়োজকদের প্রত্যাশা, হাজারো দর্শকের উপস্থিতিতে এই আয়োজন ২০২৬ সালের অন্যতম বৃহৎ ও আলোচিত সংগীত অনুষ্ঠানে পরিণত হবে। নিরাপত্তা, প্রবেশব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14274 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 03:50:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh