• হোম > বিদেশ > শিক্ষার্থী আন্দোলনের পাশে আলিয়া ভাট, প্রশ্নফাঁস ইস্যুতে আবেগঘন বার্তা

শিক্ষার্থী আন্দোলনের পাশে আলিয়া ভাট, প্রশ্নফাঁস ইস্যুতে আবেগঘন বার্তা

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১৬:৫৬
  • ৪২

---

ই-বাংলাদেশ ডেস্ক

প্রশ্নফাঁস আন্দোলনের প্রতি সমর্থন জানালেন আলিয়া ভাট, শিক্ষার্থীদের সাহসের প্রশংসা

ভারতে প্রশ্নফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস, দৃঢ়তা এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থার দাবির প্রশংসা করেন।

নিজের পোস্টে আলিয়া লেখেন, সাম্প্রতিক কয়েকদিনের ঘটনাপ্রবাহ তাকে যেমন কষ্ট দিয়েছে, তেমনি নতুন আশার আলোও দেখিয়েছে। তার ভাষায়, আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প।

তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু নিজেদের অধিকার আদায়ের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত ও ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেও আন্দোলন করছে। তাদের এই উদ্যোগ সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

আলিয়া আরও লিখেছেন, শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তা সবাইকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে—যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি? তিনি মনে করেন, এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের নেতৃত্বেই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যৎও তাদের হাতেই গড়ে উঠবে।

এর আগে একই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্দোলনকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেন এবং সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

সালমান বলেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। দেশের শিক্ষার্থীরা উন্নত ও স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের অভিভাবকেরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও শিক্ষার প্রতি তরুণদের অঙ্গীকারই ভবিষ্যতে দেশকে এগিয়ে নেবে। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরা শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তারও প্রশংসা করেন তিনি।

প্রশ্নফাঁসবিরোধী এই আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউডের আরও কয়েকজন তারকাও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আর. মাধবন, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, ইমরান খান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন এবং রিতেশ দেশমুখ। তারা সবাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়সঙ্গত পরীক্ষা ব্যবস্থার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14272 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 03:01:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh