• হোম > বাংলাদেশ > গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ২০:০৭
  • ৬৯

---

ই-বাংলাদেশ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শ্যামনগর বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে গাজী নজরুল ইসলামের ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগ জনমনে প্রশ্ন তৈরি করেছে এবং বিষয়টির স্বচ্ছ তদন্ত প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা। তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সমাবেশে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের পাশাপাশি গাজী নজরুল ইসলামকে সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবি জানান।

নাগরিক নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। তাই অভিযোগের বিষয়ে স্বচ্ছ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

অপর নাগরিক নেতা আশেক ই এলাহি মুন্না বলেন, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে একাধিক ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়। এরপর সংসদ সদস্য নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। পরবর্তীতে আরও একটি ভিডিও প্রকাশিত হলে ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয় বলে তিনি উল্লেখ করেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় শ্যামনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং সরকারের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ইলাহি মুন্না, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুল আলম, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, সমাবেশে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14252 ,   Print Date & Time: Sunday, 6 September 2026, 12:03:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh