• হোম > বাংলাদেশ > জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান জানালেন ফ্রান্সপ্রবাসীরা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান জানালেন ফ্রান্সপ্রবাসীরা

  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ১৩:৪৯
  • ৫৯

---

ই-বাংলাদেশ ডেস্ক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সপ্রবাসী সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কমিউনিটি নেতারা।

মঙ্গলবার (২২ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে পন্থায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রাঙ্কো বাংলা আয়োজিত ‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রাঙ্কো বাংলার সভাপতি শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলামিস্ট তানভীর আহমদ তোহা। তিনি জুলাই আন্দোলনের পটভূমি, ঘটনাপ্রবাহ এবং এর রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

গোলটেবিল বৈঠকটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউরো বার্তার সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

আলোচনায় অংশ নেন নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, মনোয়ার পাটওয়ারী, কমিউনিটি ব্যক্তিত্ব কাজী হাবিব, বাংলা টেলিগ্রাম-এর সম্পাদক শাহ সুহেল আহমদ, সিনিয়র সাংবাদিক হাবীবুল্লাহ ফাহাদ, অনুক্ত সংবাদ-এর সম্পাদক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বিসিএফ সভাপতি এমডি নূর, এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি রাবেয়া আক্তার সুবর্ণা, বাংলা ভিশন প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, মহাকাশ গবেষক একরামুল কবির সালমান, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজ-এর ইকবাল জাফর শাহ, সাইফুল ইসলাম, আদাফ-এর পরিচালক ওয়াদুদ তানভীর, সাংবাদিক আবু তাহের রাজু এবং ফিদার পরিচালক সায়েম জামিল।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান সংরক্ষণ এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বাইরে অবস্থান করেও তারা গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্য, রাজনৈতিক সহনশীলতা, আইনের শাসন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য। এ লক্ষ্যে দেশের ভেতর ও বাইরে থাকা সব বাংলাদেশিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

গোলটেবিল বৈঠকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী, গবেষক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সচেতন নাগরিকরা অংশ নেন। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, জুলাই সনদের লক্ষ্য ও রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14222 ,   Print Date & Time: Sunday, 6 September 2026, 06:32:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh