• হোম > Following > ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ১৩:৩৯
  • ৬৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকায় ওই বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারার অধীনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য কেন অন্তত স্নাতক ডিগ্রি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হবে না—তার ব্যাখ্যা দিতে হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন।

রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান আদালতে বলেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিষয়ে বিচারিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখতে পারেন।

তার যুক্তি অনুযায়ী, একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেটকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে বর্তমানে কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়।

তিনি আরও বলেন, এই অসামঞ্জস্যের কারণেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এখন হাইকোর্টের জারি করা রুলের ওপর সংশ্লিষ্ট পক্ষগুলোর জবাব এবং পরবর্তী শুনানির পর এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14220 ,   Print Date & Time: Sunday, 6 September 2026, 07:05:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh