• হোম > বিদেশ > হামাসের নেতৃত্বে নতুন মুখ, প্রধান নির্বাচিত খলিল আল-হাইয়া

হামাসের নেতৃত্বে নতুন মুখ, প্রধান নির্বাচিত খলিল আল-হাইয়া

  • সোমবার, ২০ জুলাই ২০২৬, ১৮:১৭
  • ৮৬

---

ই-বাংলাদেশ ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান নেতা হিসেবে খলিল আল-হাইয়াকে মনোনীত করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর মাধ্যমে তিনি হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে হামাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসা খলিল আল-হাইয়া সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটির অন্যতম প্রভাবশালী মুখে পরিণত হন। বিশেষ করে যুদ্ধবিরতি আলোচনা এবং আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল।

হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার ২০২৪ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাত চলাকালে সম্মুখসমরে নিহত হন। এর আগে একই বছরের জুলাই মাসে ইরানে হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ নিহত হন। পরপর দুই শীর্ষ নেতার মৃত্যুর পর সংগঠনের নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়।

এই পরিস্থিতিতে খলিল আল-হাইয়া ধীরে ধীরে হামাসের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেন। বর্তমানে তিনি নির্বাসিত অবস্থায় সংগঠনটির গাজাবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়সংক্রান্ত আলোচনায় হামাসের প্রধান আলোচক হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ছিলেন।

রয়টার্সের বরাতে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে কাতারের দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে পরিচালিত এক হামলায় খলিল আল-হাইয়াও অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন। তবে তিনি সেই হামলা থেকে রক্ষা পান।

বিশ্লেষকদের মতে, হামাসের নেতৃত্বে খলিল আল-হাইয়ার নিয়োগ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, যুদ্ধবিরতি আলোচনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজা সংকট এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় তার অভিজ্ঞতা সংগঠনটির পরবর্তী পদক্ষেপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14178 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 05:31:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh