• হোম > বাংলাদেশ > বিশ্বকাপ উদযাপনে আতশবাজির বিস্ফোরণ, মিরপুরে দগ্ধ ৪ যুবক

বিশ্বকাপ উদযাপনে আতশবাজির বিস্ফোরণ, মিরপুরে দগ্ধ ৪ যুবক

  • সোমবার, ২০ জুলাই ২০২৬, ১৬:৩৯
  • ৬২

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

রাজধানীর মিরপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজির বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে মিরপুরের পল্লবী থানাধীন সিটিক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে একজনকে ভর্তি করা হয় এবং বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

দগ্ধরা হলেন মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাদের মধ্যে সাকিবের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আতশবাজির বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সাকিবকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

জানা গেছে, সাকিব মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মিরপুর-১২ এলাকার বাসিন্দা এবং শহিদুল ইসলামের ছেলে। অপর তিনজন—তাহসিন, সজীব ও রিফাত—একই এলাকার বাসিন্দা।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফুটবল ফাইনাল উপলক্ষে স্থানীয় কয়েকজন তরুণ সিটিক্লাব এলাকায় আতশবাজি ফুটাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি আতশবাজি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে এবং চারজন দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, ভর্তি থাকা সাকিবের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, উৎসব বা বিজয় উদযাপনের সময় আতশবাজি ব্যবহারে অসাবধানতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই জনবহুল এলাকায় আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকা এবং নিরাপত্তাবিধি মেনে চলা জরুরি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14168 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 10:28:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh