• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক, শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক, শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

  • সোমবার, ২০ জুলাই ২০২৬, ১৬:১৩
  • ৭৪

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং সরকার-আইএলওর পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এ প্রেক্ষাপটে আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে আইএলও মহাপরিচালক বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সাফল্যেরও প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। পাশাপাশি অল্প সময়ের মধ্যে সরকারের অন্যান্য আন্তর্জাতিক সাফল্যেরও প্রশংসা করেন তিনি।

গিলবার্ট এফ হোংবো আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা বিশ্বব্যাপী ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।

বৈঠকে উভয় পক্ষ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এছাড়া দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়েও আলোচনা হয়। শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সরকার ও আইএলওর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14158 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 02:28:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh