ই-বাংলাদেশ ডেস্ক
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ভারী বর্ষণের কারণে বিশেষ করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিছু এলাকায় ৮৮ মিলিমিটার বা তারও বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, অতিবৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলে পানি জমে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কাও রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, টানা ভারী বর্ষণের ফলে নগর এলাকায় যানজট, সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেও দেশের বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। পাশাপাশি অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এবং সড়ক যোগাযোগেও ব্যাপক ভোগান্তি দেখা দেয়। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।