• হোম > বাংলাদেশ > বিশ্বকাপ ফাইনাল দেখে দেরিতে বাড়ি ফেরা, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বিশ্বকাপ ফাইনাল দেখে দেরিতে বাড়ি ফেরা, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

  • সোমবার, ২০ জুলাই ২০২৬, ১৪:২৯
  • ৬৯

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন সরদার (৩০) ওই এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুমন সরদার ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের একজন কট্টর সমর্থক। রোববার রাতে তিনি বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে যান। খেলা উপভোগের পাশাপাশি বন্ধুদের সঙ্গে নৈশভোজেও অংশ নেন তিনি। এ কারণে বাড়ি ফিরতে তার বেশ রাত হয়ে যায়।

গভীর রাতে বাড়ি ফেরার পর দেরিতে আসা নিয়ে স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার বাকবিতণ্ডা ও পারিবারিক ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করেছে পরিবার।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ধারণা, বাড়ি ফিরতে দেরি হওয়ায় সৃষ্ট পারিবারিক কলহের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুমন। তবে এই দুটি ঘটনার কোনটি আত্মহত্যার পেছনে মূল কারণ, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুর রহমান জানান, নিহত ব্যক্তি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ নাকি প্রিয় দলের পরাজয়ের মানসিক প্রভাব—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14123 ,   Print Date & Time: Saturday, 5 September 2026, 10:53:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh