![]()
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল বা অপপ্রচার চালিয়ে সরকারকে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য এবং এ দায়িত্ব পালনে কোনো ধরনের সমালোচনা বা অপবাদ তাদের অবস্থান বদলাতে পারবে না।
শনিবার নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের নামফলক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী।
সম্প্রতি এইচএসসি পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা তাকে নিয়ে ট্রল করেছেন, তাদের অধিকাংশই পরীক্ষার্থী নন। সিটি কলেজ, আইডিয়াল কলেজ বা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে দেখা যায়নি বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, কিছু গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টি করে অযথা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে।
তিনি বলেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও মানসম্মত করার দায়িত্ব নিয়ে কাজ করছে। তাই শিক্ষা নিয়ে গঠনমূলক চিন্তার পরিবর্তে যারা উসকানিমূলক বক্তব্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তরুণ প্রজন্ম তাদের প্রত্যাখ্যান করবে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য তাকে কখনও নির্দেশ দেওয়া হবে—এমন ধারণার কোনো ভিত্তি নেই।
সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। লেখাপড়ার বিকল্প নেই এবং শিক্ষার গুণগত মান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার।
সম্প্রতি কুমিল্লায় জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের স্বার্থ ও মানবিক দিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সঙ্গে প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর বিষয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরীক্ষা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন এবং সনদ প্রদান সম্ভব নয়। তাই শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে ইতিবাচক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।