![]()
রোববারের বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার জন্য হতে পারে ইতিহাস গড়ার মঞ্চ। স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে শুধু বিশ্বকাপের ট্রফিই ধরে রাখা হবে না, ভেঙে যাবে ৬৪ বছরের এক ঐতিহাসিক রেকর্ডও। সেক্ষেত্রে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে লিওনেল স্কালোনির দল।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর থেকেই আলোচনায় রয়েছে আর্জেন্টিনার সামনে থাকা সম্ভাব্য রেকর্ডগুলো। সবচেয়ে বড় অর্জন হতে পারে ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল টানা দুইবার শিরোপা জিততে পেরেছে। প্রথমে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। এরপর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে একই সাফল্যের পুনরাবৃত্তি করে। তারপর থেকে আর কোনো দল এই কীর্তি গড়তে পারেনি।
অবশ্য কয়েকটি দল খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৯০ সালেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, কিন্তু পশ্চিম জার্মানির কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি। একইভাবে ১৯৯৪ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯৮ সালের ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে পরাজিত হয়। সর্বশেষ ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও ২০২২ সালের ফাইনালে উঠেছিল, তবে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে যায়।
বিশ্বকাপের ইতিহাসে এমন উদাহরণও রয়েছে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন দল পরের আসরে গ্রুপ পর্বও পেরোতে পারেনি। ১৯৩৮ সালের চ্যাম্পিয়ন ইতালি ১৯৫০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। একই পরিণতি হয়েছিল ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির, যারা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নেয়।
এবার সেই ইতিহাস বদলানোর সুযোগ আর্জেন্টিনার সামনে। ফাইনালে স্পেনকে হারাতে পারলে তারা শুধু চতুর্থ বিশ্বকাপ শিরোপাই জিতবে না, বরং ৬৪ বছর ধরে অক্ষত থাকা টানা দুটি বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ডও নিজেদের করে নেবে।