![]()
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব এবং অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলা প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুধু বসতবাড়ি নির্মাণই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি এবং গবাদিপশু পালনকারীদের সহায়তায়ও সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। যেসব কৃষকের বীজতলা, চারা কিংবা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ না পড়ে এবং সরকারি সেবা সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।
সালাহউদ্দিন আহমদ জানান, ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড আর কোনো স্লুইসগেট পরিচালনার দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে প্রয়োজনের সময় দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা যায়।
তিনি বলেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস একটি বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং কার্যকর পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিন তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।