• হোম > বাংলাদেশ > আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

  • শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২১:১৯
  • ৫৪

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম আগামী মাসের মধ্যেই চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে একটি প্রবাসী ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, মিট অ্যান্ড গ্রিট সুবিধা, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, গাড়ি বুকিং সুবিধা, সরকারি হাসপাতালে বিশেষ সেবা, বেসরকারি হাসপাতালে ডিসকাউন্ট, বিনা খরচে মরদেহ পরিবহন, পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি ও ইউটিলিটি সংক্রান্ত কাজে অগ্রাধিকার, সহজ ব্যাংকিং ও আন্তর্জাতিক লেনদেন সুবিধা।

এ ছাড়া কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো, রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং ও ঋণ সুবিধাও দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকার জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা ও আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে কার্ডটির উদ্বোধন করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ডের সব কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশিকে যেন এই কার্ডের আওতায় আনা যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14087 ,   Print Date & Time: Friday, 4 September 2026, 05:54:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh