ই-বাংলাদেশ ডেস্ক
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ইতোমধ্যেই জুলাই সনদের বাস্তবায়নে কাজ করেছে এবং এটি বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে—এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার যেমন ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদের প্রতিও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। তবে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে সরকার শুরু থেকেই একমত ছিল না। তার ভাষায়, এই বিষয়টি জাতির সঙ্গে প্রতারণার শামিল।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানকে অনেকে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। কিন্তু বিএনপি সরকার এমন রাজনীতিতে বিশ্বাস করে না। সরকারের লক্ষ্য হলো উদারপন্থী গণতন্ত্রকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে আরও সুসংহত করা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে। সরকারও সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি বলেন, “আমরা খুব বেশি দিন বাঁচব না, খুব বেশি দিন কাজও করতে পারব না। তাই আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ পৃথিবী দেখে যেতে চাই।”
স্মরণসভায় তিনি প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর এমাজ উদ্দিন আহমেদের অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এমাজ উদ্দিন আহমেদ ছিলেন প্রকৃত গণতন্ত্রকামী একজন মানুষ, যিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।
মন্ত্রী আরও বলেন, প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ যে গণতান্ত্রিক আদর্শের পথ দেখিয়ে গেছেন, বর্তমান সরকার সেই পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।