ই-বাংলাদেশ ডেস্ক
‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে ব্যতিক্রমধর্মী ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে এই ম্যারাথন সম্পন্ন হয়।
ম্যারাথনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাদিক কায়েম বলেন, “২০২৪ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং প্রতিটি প্রান্তর ছাত্রলীগমুক্ত হয়। আমাদের দৃষ্টিতে সেই দিনই বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘লীগ ধর ম্যারাথন’ আয়োজন করেছে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস প্রতিরোধ দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সংগঠনের কর্মসূচির অংশ হিসেবেই এ ব্যতিক্রমধর্মী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ভোরে শুরু হওয়া ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সুশৃঙ্খলভাবে ম্যারাথন সম্পন্ন করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক দিবসকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।