![]()
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হলে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত যেসব আসামির বিরুদ্ধে বিচার হয়েছে বা বিচারাধীন রয়েছে, তাদের প্রত্যাবর্তনের জন্য ধারাবাহিকভাবে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি জানান, এ বিষয়ে একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে এবং বাংলাদেশ আশা করছে ভারত এসব অনুরোধে সাড়া দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু দুই দেশের সামগ্রিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক বহুমাত্রিক। তাই পারস্পরিক সংলাপ, কূটনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক প্ল্যাটফর্মে দুই দেশের যোগাযোগ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, নিহত ও আহতদের স্বজনরা দেখতে চান যে, যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও সহিংসতার অভিযোগ রয়েছে, তাদের বিচার হচ্ছে এবং আদালতের রায় কার্যকর করা হচ্ছে। এ কারণেই সরকার আন্তরিকভাবে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব এ বিষয়ে অগ্রগতি প্রত্যাশা করছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। বর্তমানে জুলাই মাসকে ঘিরে জনমনে আবারও প্রত্যাশা তৈরি হয়েছে যে, যাদের বিরুদ্ধে আদালতের রায় হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে আইন অনুযায়ী সেই রায় কার্যকর করা হবে।