![]()
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দায়িত্ব পালনকালে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি মেরাজ আলী তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণের কাজ করার সময় তিনি শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মো. সাদিক ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আশরাফ শেখ এবং মা লিলি বেগম। তিনি বিবাহিত ছিলেন।
তিনি ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন এবং নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তিনি রাষ্ট্রীয় পদকেও ভূষিত হয়েছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় তার মৃত্যুতে সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।