• হোম > বাংলাদেশ > শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১৪:২০
  • ৪৩

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে চায় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় বক্তব্য দিলেও সরকার তাকে আইনি প্রক্রিয়াতেই ফিরিয়ে আনতে চায়। যেহেতু তিনি ইতোমধ্যে আদালতে সাজাপ্রাপ্ত, তাই দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের সুযোগ রয়েছে কি না, সেটি আদালত ও আইন বিশেষজ্ঞদের সিদ্ধান্তের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য

সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মহল সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল। এ ধরনের কর্মসূচিতে অনেক অছাত্রও অংশ নিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সরকার এখন পর্যন্ত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।” তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13999 ,   Print Date & Time: Saturday, 5 September 2026, 10:34:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh