• হোম > বাংলাদেশ > বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৪
  • ৫৩

বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশের বন্দর, রেলপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সর্বোচ্চ ১০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পরিবহন ও সরবরাহসেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিনিধিদল জানায়, সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি বে টার্মিনাল উন্নয়নে প্রাথমিকভাবে ১৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। একই সঙ্গে ভবিষ্যতে দেশের বন্দর খাতে তাদের মোট বিনিয়োগ ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালসহ সৌদি আরবের আরও কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের বন্দর, রেলপথ এবং অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করছে বলে প্রতিনিধিদল জানায়। এসব বিষয়ে ভবিষ্যতে দুই দেশের যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলেও উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও প্রতিনিধিদলকে তুলে ধরেন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সফর এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জবাবে প্রতিনিধিদল জানায়, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানাতে এবং তাকে স্বাগত জানাতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমের রেদা, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13995 ,   Print Date & Time: Saturday, 5 September 2026, 11:37:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh