• হোম > বাংলাদেশ > শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎

  • বুধবার, ১৫ জুলাই ২০২৬, ২২:২০
  • ৩৯

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে আদালতের দেওয়া রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, মামলার রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল না হওয়ায় সেই রায়ের বিরুদ্ধে আর আপিলের সুযোগ নেই।

বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘স্মৃতিগাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের মধ্যে তার পক্ষ থেকে কেউ আবেদন করেননি। তাই এখন পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্ট রায় বহাল রেখে তা কার্যকরের ঘোষণা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সরকারও স্পষ্ট করেছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হবে এবং প্রচলিত বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বিদ্যুৎ সংকট, জলাবদ্ধতা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। গবেষণাভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক ও উপাচার্য নিয়োগে সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

১৫ জুলাইয়ের ঘটনাবলির প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ওই দিনের হামলায় জড়িত ব্যক্তিদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং যেসব শিক্ষক ওই হামলাকে সমর্থন বা বৈধতা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “জুলাই নিয়ে অবশ্যই রাজনীতি করতে হবে। কারণ নতুন বাংলাদেশের রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। আমরা আর স্বৈরতন্ত্রে ফিরে যাব না। আমরা গণতন্ত্র, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির শৃঙ্খলা বিভাগের প্রধান ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13975 ,   Print Date & Time: Sunday, 6 September 2026, 06:20:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh