![]()
ই-বাংলাদেশ ডেস্ক
রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন শিক্ষা ভবনের সামনে আন্দোলন চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সাংবাদিক নাজমুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আহত হন এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, শিক্ষা ভবনের সামনে অবস্থানরত কয়েকজন ব্যক্তি সাংবাদিক নাজমুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে ধাক্কা ও মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ কয়েকজন সাংবাদিককে সচিবালয়ের ভেতরে প্রবেশের অনুমতি দেয়।
এ সময় স্টার নিউজের সাংবাদিক নাজমুল ইসলামসহ কয়েকজন সংবাদকর্মী ভেতরে প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীদের একটি অংশ আপত্তি জানায়। তাদের দাবি ছিল, নিরাপত্তাজনিত কারণে ওই মুহূর্তে সাংবাদিকদের প্রবেশ করা উচিত নয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে একজন আন্দোলনকারী নাজমুল ইসলামের শার্টের কলার ধরে ধাক্কা দেন। তিনি এর প্রতিবাদ করলে আশপাশে থাকা আরও কয়েকজন তার ওপর হামলা চালান। তাকে উদ্ধার করতে এগিয়ে আসা কয়েকজন সংবাদকর্মীকেও ধাক্কাধাক্কির মুখে পড়তে হয়।
পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত সাংবাদিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সহকর্মী সাংবাদিকরা জানিয়েছেন।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের অগ্রযাত্রা ঠেকাতে সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। একইভাবে হামলার অভিযোগের বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।