![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্রবিরোধী চক্র যাতে নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সংস্থাটি।
বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৬ জুলাই উপলক্ষে জারি করা আইন-শৃঙ্খলাবিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র্যাব সদস্যরা ইতোমধ্যেই মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে র্যাব নিজস্ব নেতৃত্বে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।
এ ছাড়া গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কর্মসূচির নির্ধারিত রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গতিবিধির ওপরও নিবিড় নজরদারি রাখা হচ্ছে।
র্যাব জানিয়েছে, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানস্থল এবং বিভিন্ন জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় র্যাবের টহল কার্যক্রম দৃশ্যমান রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এসব বিশেষায়িত ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে। কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ, নাশকতার আশঙ্কা বা বিশৃঙ্খল পরিস্থিতির তথ্য পাওয়া গেলে স্থানীয় র্যাব টহল ইনচার্জ অথবা সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়ককে দ্রুত অবহিত করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।