• হোম > বাংলাদেশ > সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

  • বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১৬:২৬
  • ৬৩

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন।

সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সংগঠিত মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।

লংমার্চ চলাকালে মিছিলের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরতে এসেছেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। অন্য এক পরীক্ষার্থী অভিযোগ করেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাই দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড এবং শাহবাগমুখী সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এর আগে দীর্ঘ সময়ের অবরোধে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন। আন্দোলনের পরবর্তী কর্মসূচি এবং সরকারের প্রতিক্রিয়ার দিকেও নজর রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13913 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 03:06:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh