• হোম > বাংলাদেশ > শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরা ও সাভারে সড়ক অবরোধ, তীব্র যানজট

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরা ও সাভারে সড়ক অবরোধ, তীব্র যানজট

  • বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১৬:২২
  • ৬৪

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা এবং সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৃথক দুটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কয়েক ঘণ্টার আন্দোলনের পর বৃষ্টির কারণে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে অবরোধ প্রত্যাহার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর আনুমানিক দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হন। পরে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে ঢাকা অভিমুখী ও গাজীপুরগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

একই সময়ে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায়ও একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রথমে তারা আরিচাগামী মূল লেনে অবস্থান নিলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রায় এক ঘণ্টা আরিচাগামী লেন অবরোধের পর দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা সেই লেন ছেড়ে ঢাকা অভিমুখী লেনে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ শুরু করেন। ফলে মহাসড়কের উভয় দিকেই যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়।

তবে বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা বেড়ে গেলে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেন। দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে মঙ্গলবার দেশের বিভিন্ন জেলাতেও একই দাবিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বুধবার রাজধানী ও সাভারের এই কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13911 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 03:55:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh