![]()
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে বুধবার (১৫ জুলাই) ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করেছেন চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পরীক্ষার্থীরা। এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে বিক্ষোভ করেন তারা। একই সময়ে সাভারের পাকিজা মোড় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশ নেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা অনুযায়ী দুপুর দেড়টার দিকে উত্তরায় আন্দোলনকারীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে সাভারে দুপুর ১টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা প্রথমে আরিচাগামী লেন অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর তারা ঢাকা অভিমুখী লেনে অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় তারা দিনের কর্মসূচি স্থগিত করে মহাসড়ক থেকে সরে যান।