![]()
বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশের উপস্থিতি না থাকলেও সমর্থকদের উন্মাদনা আলোচনায় রয়েছে বিশ্বজুড়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটা আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।’
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আলবিসেলেস্তেদের প্রতিটি জয়ের পর ঢাকার রাজপথে মিছিল, আতশবাজি ও আর্জেন্টিনার জার্সিতে ভরে ওঠা শহরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পেয়েছে।
স্কালোনি জানান, এসব দৃশ্য তার নজরেও এসেছে। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের মানুষের এমন অকুণ্ঠ সমর্থন তাকে মুগ্ধ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
এবার ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে ফাইনালে জায়গা করে নিতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।