![]()
হরমুজ প্রণালি ব্যবহারে কোনো ধরনের ফি বা শুল্ক আরোপের ধারণাকে সমর্থন করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য কোনো দেশ বা জাহাজের কাছ থেকেই ফি আদায় করা উচিত নয়।
এর মাত্র একদিন আগে, সোমবার (১৩ জুলাই), ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ টোল বা শুল্ক আরোপ করবে। তবে মঙ্গলবার তিনি জানান, ওই ঘোষণার পর পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ তার সঙ্গে যোগাযোগ করে বিকল্প প্রস্তাব দিয়েছে।
ট্রাম্প বলেন, উপসাগরীয় দেশগুলো শুল্ক দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বিষয়টির সমাধান অন্যভাবে করতে চায় বলেও তাকে জানিয়েছে।
তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর এই ইতিবাচক প্রতিক্রিয়ার পর তিনি আগের অবস্থান থেকে সরে এসেছেন। তার মতে, নীতিগতভাবে তিনি হরমুজ প্রণালি ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট ফি বা শুল্ক আরোপের ধারণাকে সমর্থন করেন না।
সূত্র: আল-জাজিরা