• হোম > বাংলাদেশ > শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা

  • মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২০:৫২
  • ১০৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি স্বেচ্ছায় দেশে ফিরলেও প্রচলিত আইন অনুযায়ী আদালতে উপস্থিত হয়ে মামলার মুখোমুখি হতে হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে এবং তিনি দেশে ফিরলে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়টির নিষ্পত্তি হবে। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এখন বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে। শেখ হাসিনা চাইলে বিশ্বের যেকোনো অভিজ্ঞ আইনজীবীকে নিয়োগ দিয়ে নিজের পক্ষে আইনি লড়াই করতে পারবেন।

তথ্য উপদেষ্টার ভাষ্য, বর্তমান বিচারিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। আদালতের কার্যক্রমে পর্যবেক্ষক উপস্থিতি, ভিডিও ধারণসহ বিভিন্ন স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো আইনের শাসন নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়া যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পরিচালিত হয়।

প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার আদালতের মাধ্যমেই সম্পন্ন হবে এবং এ বিষয়ে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13868 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 06:02:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh