![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮৬৮ জনের মধ্যে হামের সন্দেহজনক উপসর্গ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে হামে আক্রান্ত শিশুটি ঢাকা বিভাগের বাসিন্দা। আর হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৭১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে।
একই সময়ের মধ্যে সারা দেশে এক লাখ ১৩ হাজার ২৪৪ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৩ হাজার ৭৩৫ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৯৬ হাজার ২৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকাদান সম্পন্ন করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।