![]()
ই-বাংলাদেশ ডেস্ক
তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ খাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন উদ্যোক্তাদের পথচলা সহজ নয়, তবে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফলতা অর্জন সম্ভব। সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, “এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য পথটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব। আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, তবে সরকার আপনাদের পাশে রয়েছে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে।”
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে অনেক তরুণ উদ্যোক্তা সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছেন। দেশের লাখো মানুষের পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নেও তাদের প্রয়োজন রয়েছে।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে একসময় রাজনীতিকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন। এ পথে নানা প্রতিকূলতা, নির্যাতন ও দীর্ঘ ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “কঠিন সময় পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছি। তাই আমি জানি, সফল হতে হলে ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। আপনাদেরও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কিন্তু সরকার সবসময় পাশে থাকবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, সম্প্রতি বিভিন্ন উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক আয়োজন এবং দেশের শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ড দেখে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আরও আশাবাদী হয়েছেন। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও কর্মক্ষমতা দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের উদ্যোগে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য, সম্পদ, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন এবং নির্বাচিত ছয়টি স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্প নিয়ে কাজ করা রাফিহা ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনার আবেদন বিবেচনায় তাৎক্ষণিকভাবে অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী স্টার্টআপ উদ্যোক্তাদের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।