![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তা হতে চান, তাদের পাশে সরকার রয়েছে। তিনি বলেন, এখন কাজ করার সময়। নতুন উদ্যোক্তাদের জন্য পথচলা কঠিন হলেও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব। উদ্যোক্তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তবে সরকার সহযোগিতা ও দিকনির্দেশনা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে উপস্থিত অনেকেই ইতোমধ্যে নিজেদের উদ্যোগের মাধ্যমে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের লাখো মানুষের পাশাপাশি বাংলাদেশেরও তাদের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী এবং বিভিন্ন খাতের সফল উদ্যোক্তারা অংশ নেন।