![]()
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বন্যাদুর্গত মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও সালাম পৌঁছে দিয়ে বলেন, গত সাত দিন ধরে তারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তিনি সৃষ্টিকর্তার কাছে দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তির প্রার্থনা করেন এবং আশ্বাস দেন যে, সরকারের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত ও খাদ্যসংকটে থাকা মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়ি মেরামতের জন্য সরকার সহায়তা দেবে। পাশাপাশি যাদের কৃষিজমির ফসল নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে বা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উপজেলা ও জেলা প্রশাসন দুর্যোগের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে। স্থানীয় সংসদ সদস্যরাও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি সেখানে গিয়েছেন ত্রাণ কার্যক্রমের সমন্বয় জোরদার করতে এবং দুর্গত মানুষের পাশে সরকারের অবস্থান নিশ্চিত করতে।
তিনি প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং দুর্গম অঞ্চলে বিমানযোগে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় সংসদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।