![]()
দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অল্প কিছুদিন আগেই ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন সেই একই ঐক্য ধরে রেখে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সময় এসেছে।
সোমবার বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন সব শ্রেণি-পেশা ও সব ধর্মের মানুষ একসঙ্গে দেশ স্বাধীন করেছিল, তেমনি সম্প্রতি সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। তিনি বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করলে তার সুফল পুরো জাতিই ভোগ করবে।
একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের বা সিটি করপোরেশনের দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি, পাড়া, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
সাগরদী খালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালটির যত্ন নেওয়ার দায়িত্ব শুধু কর্তৃপক্ষের নয়, খালের দুই তীরের বাসিন্দাদেরও। তিনি সবাইকে খালে প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যুসহ কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান এবং যেখানে ডাস্টবিন রয়েছে সেখানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার অনুরোধ করেন।
সিটি করপোরেশনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাসাবাড়ির ড্রেনেজ ও পয়োনিষ্কাশনের সংযোগ যেন সরাসরি খালে না দেওয়া হয়। এতে পানি দূষিত হয় এবং পরিবেশের ক্ষতি হয়। তিনি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মানুষ যদি নিজের ঘর পরিষ্কার না রাখে, তাহলে যেমন ঘর নোংরা হয়ে যায়, তেমনি নাগরিকরা নিজেরাই যদি নিজেদের এলাকা ও দেশ পরিচ্ছন্ন না রাখে, তাহলে তার ক্ষতি তাদেরই ভোগ করতে হবে। অন্য দেশের পরিচ্ছন্ন পরিবেশ দেখে আফসোস করার পরিবর্তে নিজেদের দেশকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরের শেষ কর্মসূচি হিসেবে তিনি শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।