• হোম > বাংলাদেশ > ঢাবির সেন্ট্রাল ফিল্ডে মাছের পোনা ছাড়ল ডাকসু, মাঠ সংস্কার নিয়ে নতুন প্রতিবাদ

ঢাবির সেন্ট্রাল ফিল্ডে মাছের পোনা ছাড়ল ডাকসু, মাঠ সংস্কার নিয়ে নতুন প্রতিবাদ

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৯:২৪
  • ৪৫

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার দুপুরে মাঠে জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির কৈ ও মাগুর মাছের পোনা অবমুক্ত করেন ডাকসুর নেতারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু হয়নি, ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ডাকসু নেতাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই অর্থ থাকা সত্ত্বেও প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সামান্য বৃষ্টিতেই মাঠে হাঁটুপানি জমে থাকে এবং দিনের পর দিন পানি নিষ্কাশন না হওয়ায় মাঠ ব্যবহার প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকায় জমে থাকা পানি এক থেকে দুই দিনের মধ্যে নেমে গেলেও কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। এতে নিয়মিত অনুশীলন, খেলাধুলা এবং বিভিন্ন ক্রীড়া আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, নির্বাচনের পর কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার এবং মেয়েদের জন্য জিম স্থাপন ছিল তাদের অন্যতম অগ্রাধিকার। প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থাও করা হয়েছে। তবে প্রশাসনিক জটিলতার কারণে কোনো প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, বিসিবি থেকে মাঠ সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া অর্থ এখনও ব্যবহার করা হয়নি। ফলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক ব্যতিক্রমী এই কর্মসূচির ব্যাখ্যা দিয়ে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এখন পুকুরে পরিণত হয়েছে। তাই সেখানে মাছের পোনা ছাড়া হয়েছে। মাছ বড় হলে বিক্রি করে সেই টাকা দিয়েই হয়তো মাঠ সংস্কার করা যাবে। ফুলার রোডে ধান, আর সেন্ট্রাল ফিল্ডে মাছ—একদম মাছে-ভাতে বাঙালি।”

তিনি আরও অভিযোগ করেন, মাঠ সংস্কারের প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের অনীহা রয়েছে। তার দাবি, ডাকসুর উদ্যোগে প্রকল্প বাস্তবায়িত হলে তার কৃতিত্ব শিক্ষার্থীদের প্রতিনিধিদের কাছে চলে যাবে—এমন আশঙ্কা থেকেই কাজটি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে।

অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বিষয়ে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগ বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের জলাবদ্ধতা নিরসন এবং সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রধান খেলার মাঠ বছরের পর বছর অচল হয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিবেশের জন্য হতাশাজনক এবং এটি দ্রুত সমাধান করা প্রয়োজন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13767 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 04:49:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh