• হোম > বাংলাদেশ > বরিশাল সফরে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়াসামগ্রী

বরিশাল সফরে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়াসামগ্রী

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৯:১৪
  • ৬১

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

বরিশাল সফরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়, ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ঢাকা থেকে সড়কপথে বরিশাল সফরের পথে বাবুগঞ্জ উপজেলায় বরিশাল ক্যাডেট কলেজের আওতাধীন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

সোমবার (১৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেবে। আবার আমি আসব, তোমাদের সঙ্গে দেখা করতে।”

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক একে আজাদের হাতে চার ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। নতুন ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন। প্রধানমন্ত্রীও নিজের মোবাইল ফোনে শিক্ষার্থীদের সঙ্গে একটি স্মরণীয় সেলফি ধারণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। তাঁর এই সফর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এর আগে বরিশাল সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনীর একটি মহড়া পরিদর্শন করেন। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা অবস্থান করে সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বাবুগঞ্জ এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায়। সফরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর উপস্থিতিকে স্বাগত জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13763 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 06:12:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh