• হোম > বাংলাদেশ > দেশজুড়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৮:২০
  • ৫০

---

ই-বাংলাদেশ ডেস্ক

সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে বড় উদ্যোগ নিয়েছে সরকার। চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বিপুল সংখ্যক শূন্য পদ পূরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার শূন্য পদগুলো দ্রুত পূরণের পাশাপাশি নতুন জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। ফলে অনেক হাসপাতালেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

নার্সিং খাতেও রয়েছে উল্লেখযোগ্য জনবল সংকট। অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি নার্স পদের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৪৫ হাজার ৩০২ জন। অর্থাৎ ৪ হাজার ৫৭৭টি পদ এখনো শূন্য রয়েছে।

সবচেয়ে বড় সংকট দেখা গেছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবায়। এ খাতে অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে ১৮ হাজার ৯৪৭টি পদ শূন্য রয়েছে।

পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদের ২৩ হাজার ৫০০টির মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ১৫ হাজার ২০৭ জন, ফলে ৮ হাজার ২৯৩টি পদ শূন্য রয়েছে। একইভাবে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ এখনো ফাঁকা রয়েছে।

কমিউনিটি ক্লিনিকের গুরুত্বপূর্ণ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ শূন্য রয়েছে। এছাড়া স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে ৬ হাজার ৯৫৩টি পদ এখনো পূরণ হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসক সংকট নিরসনে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে আরও ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া সিনিয়র স্টাফ নার্স নিয়োগ কার্যক্রম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এগিয়ে চলছে। মিডওয়াইফ নিয়োগের চূড়ান্ত ফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের কাজ শেষ হলে নির্বাচিতদের দ্রুত পদায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হলো দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দ্রুত সম্পন্ন করা হবে। এই বিশাল নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সরকারি হাসপাতাল ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবায় জনবল সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13760 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 06:45:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh