• হোম > বাংলাদেশ > জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না: প্রধানমন্ত্রী

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না: প্রধানমন্ত্রী

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৫:০২
  • ৪৪

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের রাজনৈতিক শক্তির মূল ভিত্তি জনগণ এবং জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়েই দেশকে পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, জনগণ পাশে থাকলে বিএনপি সরকার কোনো বাধাকেই বাধা হিসেবে দেখবে না এবং দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি উপস্থিত নারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা কী ধরনের সুবিধা পাচ্ছেন, তা জানতে চান।

এ সময় পারুল আখতার নামে এক উপকারভোগী জানান, ফ্যামিলি কার্ড পাওয়ার পর তার পরিবারের আর্থিক সংকট কিছুটা কমেছে এবং সংসার পরিচালনা সহজ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গৌরনদীতে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। তবে এখনও অনেক পরিবার এই সুবিধার বাইরে রয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারীপ্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য হলো দেশের মা-বোনদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়া এবং তাদের জীবনমান উন্নত করা। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের জীবনকে আরও নিরাপদ ও স্বাবলম্বী করার চেষ্টা চলছে।

সরকারের এই কর্মসূচি সফল করতে দেশের মানুষের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে ধাপে ধাপে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন আরও জোরদার হবে।

সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, হাজার বছরের ঐতিহ্য অনুযায়ী ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই দেশকে এগিয়ে নিতে হবে এবং সকল নাগরিককে সমান মর্যাদায় বিবেচনা করতে হবে।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে উন্নয়নের সুফল সবাই সমানভাবে পাবে। তিনি প্রচলিত স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এর সঙ্গে নতুন করে যোগ করেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।’ তাঁর ভাষায়, বর্তমান সরকারের রাজনীতি ও কর্মপরিকল্পনার কেন্দ্রবিন্দু হলো এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে দেশের প্রতিটি মানুষ আরও ভালোভাবে জীবনযাপন করতে পারে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13736 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 03:19:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh