• হোম > বাণিজ্য > টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে সবজির দাম ঊর্ধ্বমুখী, বেড়েছে মাছের বাজারও

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে সবজির দাম ঊর্ধ্বমুখী, বেড়েছে মাছের বাজারও

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৪:৩২
  • ৫৩

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

টানা বৃষ্টি, বন্যা এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে সবজি, মাছ ও কাঁচামরিচের বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে বাড়তি খরচের চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়া ও পরিবহন সংকটের কারণে বাজারে পর্যাপ্ত পণ্য পৌঁছাতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ৬০ থেকে ৮০ টাকার নিচে অধিকাংশ সবজি পাওয়া কঠিন হয়ে পড়েছে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা দরে। একইভাবে অন্যান্য মৌসুমি সবজির দামও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কাওরান বাজারে কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের ভাষ্য, বৃষ্টির কারণে উৎপাদন এলাকা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় দাম বাড়ছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদীতে মাছ ধরতে যেতে পারছেন না অনেক জেলে। ফলে বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছের দাম প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে মাছ কিনতেও অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের।

তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বাজারে ক্রেতার উপস্থিতি আগের তুলনায় কম।

চালের বাজারে বড় ধরনের অস্থিরতা না থাকলেও পোলাও চালের দাম এখনো বেশ চড়া। বর্তমানে প্রতি কেজি পোলাও চাল ১৯৫ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব সরাসরি নিত্যপণ্যের বাজারে পড়ছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে বাজারে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13726 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 06:59:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh