• হোম > অর্থনীতি > নতুন আইএমএফ ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু, ৪৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

নতুন আইএমএফ ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু, ৪৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৪:২৫
  • ৬৪

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের জন্য নতুন ঋণ কর্মসূচি চালুর লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামীকাল থেকে আইএমএফের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসবে। এই আলোচনা দেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে প্রতিনিধি দল সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক পদক্ষেপ, রাজস্ব ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের সংস্কার এবং সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নতুন ঋণ কর্মসূচি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে পারে। এই কর্মসূচির আওতায় তিন বছরের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ সরকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য এই ঋণের অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক মুদ্রার চাপ মোকাবিলা এবং চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ব্যবহার করা হবে। এ লক্ষ্যে গত ৯ জুন অর্থমন্ত্রী আইএমএফের কাছে আনুষ্ঠানিকভাবে নতুন ঋণ কর্মসূচির আবেদন জানিয়ে চিঠি পাঠান।

চিঠিতে সরকার উল্লেখ করেছে, আগের ঋণ কর্মসূচির সময়কার অর্থনৈতিক বাস্তবতা বর্তমানে অনেকটাই বদলে গেছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক অর্থনীতির পরিবর্তন এবং নতুন চ্যালেঞ্জের কারণে কিছু সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে সরকার সংস্কার কর্মসূচি থেকে সরে আসছে না; বরং দেশের বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে তা বাস্তবায়নের পরিকল্পনা করছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের আলোচনায় সদ্য ঘোষিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট, কর অব্যাহতির যৌক্তিকতা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সংস্কারের অগ্রগতি এবং কর ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ব্যাংকিং খাতের সংস্কারও থাকবে আলোচনার অন্যতম প্রধান বিষয়। খেলাপি ঋণ কমানোর কৌশল, ব্যাংক পুনর্গঠন, অবসায়ন প্রক্রিয়া, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, ঝুঁকিভিত্তিক তদারকি এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার অগ্রগতি মূল্যায়ন করবে আইএমএফ প্রতিনিধি দল।

এ ছাড়া সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি, রাজস্ব ঘাটতির কারণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি, বিদ্যুতের মূল্য সমন্বয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের ব্যয় নিয়েও আলোচনা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন দক্ষতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতাও আইএমএফের মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ হবে।

অর্থনীতিবিদদের মতে, এটি কেবল একটি নিয়মিত পর্যালোচনা সফর নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং আন্তর্জাতিক অর্থায়নের পথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিনিধি দলের মূল্যায়ন ইতিবাচক হলে পরবর্তী পর্যায়ে পূর্ণাঙ্গ ঋণ আলোচনা শুরু হবে। সেখানে নতুন ঋণের পরিমাণ, অর্থ ছাড়ের সময়সূচি এবং সংস্কার-সংক্রান্ত শর্ত চূড়ান্ত করা হবে।

তবে বিশেষজ্ঞদের সতর্কতা, যদি সংস্কার কার্যক্রমে সন্তোষজনক অগ্রগতি না দেখা যায়, তাহলে নতুন ঋণ কর্মসূচির আলোচনা দীর্ঘায়িত হতে পারে কিংবা আইএমএফ আরও কঠোর শর্ত আরোপ করতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13724 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 06:11:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh