• হোম > বাংলাদেশ > কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৩:২২
  • ৪৯

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১৩ জুলাই: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে কাতারের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে কাতার আধুনিক, সমৃদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে, যা বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।

শোকবার্তার শেষাংশে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা কামনা করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13705 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 12:58:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh