• হোম > বাংলাদেশ > আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৩:২০
  • ৭২

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

বরিশাল, ১৩ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব।

সোমবার সকালে বরিশালের গৌরনদীর সরিকল–বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় গ্রামবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা যদি নিজের ঘর এবং দেশ নিজেরা পরিষ্কার না রাখি, তাহলে বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ পরিষ্কার করে দিয়ে যাবে না। দেশকে সুন্দর করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

প্রধানমন্ত্রী নাগরিকদের যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, ব্যবহৃত প্লাস্টিকের বোতল, প্যাকেট বা অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। পরিবেশ দূষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ঝুঁকি তৈরি করে বলেও তিনি উল্লেখ করেন।

নিজের অভ্যাসের উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, ব্যবহৃত টিস্যু তিনি কখনো রাস্তায় বা খোলা জায়গায় ফেলেন না। সেগুলো পকেটে রেখে পরে বাসায় গিয়ে ডাস্টবিনে ফেলেন। তাঁর ভাষায়, ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে উঠেছে এবং সবাই চাইলে এমন অভ্যাস গড়ে তুলতে পারেন।

বক্তৃতার সময় খালের পানিতে ভাসমান দুটি প্লাস্টিকের বোতলের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কয়েকজন মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখলেও অন্যরা যদি যত্রতত্র ময়লা ফেলে, তাহলে দেশকে পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, বাজার, রাস্তা ও জনসমাগমস্থলে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকলে শুধু সৌন্দর্যই নষ্ট হয় না, পরিবেশ দূষিত হয় এবং জনস্বাস্থ্যেরও ক্ষতি হয়।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি নিজেদের আশপাশের পরিবেশ, ঘরবাড়ি ও রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13703 ,   Print Date & Time: Wednesday, 11 November 2026, 04:15:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh