• হোম > বাংলাদেশ > বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৩:১২
  • ৭৮

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বরিশাল, ১৩ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (সোমবার) সকালে বরিশালের গৌরনদীতে পৌঁছেছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক বরিশাল বিভাগ সফর।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এবং সমর্থক সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের বুলেটপ্রুফ বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সফরকে ঘিরে তাঁর ছবি সম্বলিত কোনো স্বাগত তোরণ, ব্যানার বা ফেস্টুন নির্মাণ করা হয়নি।

এর আগে ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরে তাঁর বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচি রয়েছে।

সফরের অংশ হিসেবে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।

এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13701 ,   Print Date & Time: Friday, 16 October 2026, 04:54:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh