• হোম > খেলা | ফুটবল > হচ্ছে না নতুন চ্যাম্পিয়ন, জার্মানদের ছোঁয়ার লক্ষ্য মেসিদের

হচ্ছে না নতুন চ্যাম্পিয়ন, জার্মানদের ছোঁয়ার লক্ষ্য মেসিদের

  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৩:৫৩
  • ৪০

হচ্ছে না নতুন চ্যাম্পিয়ন, জার্মানদের ছোঁয়ার লক্ষ্য মেসিদের

২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। রেকর্ড ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এবারের আসরে ইতোমধ্যে ১০০টি ম্যাচ শেষ হয়েছে। বাকি রয়েছে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল—মোট চারটি ম্যাচ।

বিশ্বকাপের ২২টি আসরে এখন পর্যন্ত মাত্র আটটি দেশ শিরোপা জিতেছে। সেই তালিকায় সবচেয়ে সফল ব্রাজিল, যারা পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তবে ২০০২ সালের পর আর শিরোপার দেখা পায়নি সেলেসাওরা। এবারও কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে তারা।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও এবার প্রত্যাশা পূরণ করতে পারেনি। টানা তৃতীয় বিশ্বকাপেই তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

আরও হতাশাজনক সময় পার করছে ইতালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বেই জায়গা করে নিতে পারেনি।

এবারের টুর্নামেন্টে আরেকটি বড় ধাক্কা খেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে, যারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

অন্যদিকে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়ে নতুন চ্যাম্পিয়নের সম্ভাবনা শেষ করে দিয়েছে। ফলে নিশ্চিতভাবেই এবারও বিশ্বকাপ জিতবে অতীতে শিরোপা জেতা কোনো দল।

সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের পর এবার চতুর্থ শিরোপার হাতছানি তাদের সামনে। শিরোপা জিততে পারলে জার্মানি ও ইতালির সমান চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ফ্রান্সও রয়েছে দারুণ ছন্দে। ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৬ ও ২০২২ সালে রানার্সআপ হয়েছিল তারা। এবারও শিরোপার অন্যতম দাবিদার ফরাসিরা।

স্পেন এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে, ২০১০ সালে। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বজয় ১৯৬৬ সালে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই ইউরোপীয় দল।

সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন, আর আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই ম্যাচের বিজয়ীরাই লড়বে ২০২৬ বিশ্বকাপের শিরোপার জন্য।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13699 ,   Print Date & Time: Thursday, 27 August 2026, 05:18:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh