• হোম > অর্থনীতি > পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৩:৩৫
  • ৩৭

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বেড়েছে মার্কিন ডলারের দাম। রোববার ডলারের সর্বোচ্চ দর ১৫ পয়সা এবং গড় দর ১৩ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিক্রিমূল্যেও। বর্তমানে কিছু ব্যাংক আমদানি খাতে সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে।

কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল।

রোববার আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর ১৫ পয়সা বেড়ে ১২৩ টাকায় পৌঁছেছে। অধিকাংশ লেনদেন এ দরে হওয়ায় গড় দরও ১৩ পয়সা বেড়ে ১২২ টাকা ৯৮ পয়সা হয়েছে। তবে সর্বনিম্ন দর অপরিবর্তিত রয়েছে।

আন্তঃব্যাংক বাজারে দাম বাড়ার পর বাণিজ্যিক ব্যাংকগুলোও আমদানি খাতে ডলারের বিক্রিমূল্য সমন্বয় করেছে। আগে যেখানে অধিকাংশ ব্যাংক ১২৩ টাকা ৬০ থেকে ৬৫ পয়সা দরে ডলার বিক্রি করত, এখন তা বেড়ে ১২৩ টাকা ৭৫ থেকে ৮০ পয়সায় হয়েছে। কয়েকটি ব্যাংক সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করেছে।

এর আগে গত মাসের শেষ দিকে আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১২২ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১২২ টাকা ৮৫ পয়সায় উঠেছিল।

ডলারের মূল্যবৃদ্ধির ফলে আমদানি ব্যয়, আমদানি পণ্যের দাম এবং বৈদেশিক ঋণ পরিশোধের খরচ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে রোববার তারা বাংলাদেশ ব্যাংকে কয়েক দফা বৈঠক করেছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, এ দিনের বৈঠকগুলো ছিল মূলত পরিচিতিমূলক। তবে আইএমএফ প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিভিন্ন অর্থনৈতিক তথ্য চেয়েছে। এসব তথ্য পর্যালোচনার পর পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা হবে।

আইএমএফ দীর্ঘদিন ধরেই ডলারের বিনিময় হারকে আরও বেশি বাজারভিত্তিক করার সুপারিশ করে আসছে। সংস্থাটির মতে, বিনিময় হার বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে নির্ধারিত হলে বৈদেশিক মুদ্রাবাজার আরও কার্যকরভাবে পরিচালিত হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13687 ,   Print Date & Time: Thursday, 27 August 2026, 04:55:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh