![]()
নতুন উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করতে একাধিক আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পাশাপাশি স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য মাত্র ৪ শতাংশ সুদে ৫০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, তরুণ ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে।
তিনি জানান, এ তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আর জামানত প্রদান করলে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকবে।
স্টার্টআপ খাতের জন্য আলাদা সুবিধার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ নামে একটি পৃথক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও জানান, স্টার্টআপ প্রতিষ্ঠানের মূলধন জোগান সহজ করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারত্বে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলো সরাসরি ইক্যুইটি বা মূলধনী বিনিয়োগ পাওয়ার সুযোগ পাবে।
অর্থমন্ত্রী বলেন, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতেও সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকারদের স্বল্প সুদে ঋণ দিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকার একটি তহবিল পরিচালিত হয়েছিল, যা ২০২৫ সালের ১৪ জুলাই সফলভাবে শেষ হয়েছে।
তিনি জানান, সেই কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এবার ১ হাজার ২০০ কোটি টাকার নতুন একটি তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।