![]()
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যা ও পাহাড়ধস পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার রাতে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমসংলগ্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পাহাড়ধস ও বন্যাকবলিত এলাকার মানুষ যতদিন সরকারি সহায়তা প্রয়োজন হবে, ততদিন তা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে তিন মাস কিংবা তারও বেশি সময় ধরে সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি তদারকির জন্য প্রধানমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে সেখানে দায়িত্ব দিয়েছেন। তিনি কয়েক দিন চট্টগ্রাম বিভাগে অবস্থান করে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
এম ইকবাল হোসেইন জানান, তিন পার্বত্য জেলা ও আরও কয়েকটি জেলার পরিস্থিতি পর্যালোচনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সরেজমিনে পরিদর্শনে এসে তিনি দেখেছেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে। পানি নেমে গেলে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান দুর্যোগ দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিবেশগত ক্ষয়ের ফল। হ্রদের নাব্যতা কমে যাওয়া বা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার মতো বিষয়গুলো আগে যথাযথ গুরুত্ব পায়নি। এখন এসব বিষয়ে নতুন করে পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে প্রকৃতির ক্ষতি হয়েছে। ফলে জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হতে হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং খাবার বিতরণ করেন।
এ সময় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এবং জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।