![]()
ই-বাংলাদেশ ডেস্ক
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন। তার এ সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এ সফরে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে দিকনির্দেশনা বা নতুন ঘোষণা আসতে পারে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাড়াজোর ইউনিয়নের সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকবে।
এরপর দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এ ধরনের কর্মসূচিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ভাঙা-বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণ, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, নদীভাঙন প্রতিরোধ এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে নতুন প্রকল্প ঘোষণার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সফরকে ঘিরে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচিগুলো সফল করতে স্থানীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
এদিকে প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে রোববার বিকেলে নগরীতে আনন্দ র্যালির আয়োজন করে বিএনপি। দলের নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে কাকলীর মোড় থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বরিশাল সফরে আসছেন তারেক রহমান। দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর শুধু দলীয় কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ অবকাঠামোগত অগ্রগতির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।