![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ’ উদযাপনে সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় ৯৮৩ কোটি টাকা। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে সরকারি ব্যয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড নির্মাণে সব মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল তার প্রশ্নে জানতে চান, মুজিববর্ষ উপলক্ষে এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে এবং বিপুল এই ব্যয়ের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না।
এর জবাবে অর্থমন্ত্রী ব্যয়ের বিস্তারিত হিসাব সংসদে উপস্থাপন করেন। তিনি জানান, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
এ সময় অর্থমন্ত্রী সংসদে ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ শীর্ষক একটি বিস্তারিত নথিও উপস্থাপন করেন, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়ের হিসাব সংযুক্ত ছিল।
সংসদে প্রকাশিত এ তথ্যের মাধ্যমে প্রথমবারের মতো মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকারের মোট ব্যয়ের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ্যে এসেছে।